জিকা ভাইরাসের ব্যাপারে নতুন যে তথ্যগুলো আপনি এখনো জানেন না
সম্প্রতি ব্রাজিলে শিশুদের মাঝে মাইক্রোসেফালি নামের এক সমস্যার পেছনে জিকা ভাইরাসের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। এডিস মশার মাধ্যমে ছড়ানো এই ভাইরাসের কারণে অস্বাভাবিক ছোট মাথা নিয়ে জন্মাচ্ছে শিশুরা। জিকা ভাইরাসের ব্যাপারে সচেতনতা ছড়িয়ে যাচ্ছে পৃথিবীতে, সেই সাথে জানা যাচ্ছে নতুন নতুন সব তথ্য। চলুন জেনে নেই জিকা ভাইরাসের ব্যাপারে একদম নতুন কিছু তথ্য যা আগে জানতেন না আপনি।
১) লালা এবং মুত্রে পাওয়া গেছে জিকা ভাইরাস
প্রথমবারের মতো এই শুক্রবার মানুষের লালা এবং মুত্রে জিকা ভাইরাস শনাক্ত করতে পেরেছেন গবেষকেরা। তবে লালা এবং মুত্রের মাধ্যমে জিকা ভাইরাস ছড়ায় কিনা, তা জানার সময় এখনও হয়নি। তবে সতর্ক করে দেওয়া হয়েছে গর্ভবতী নারীদের। তাদেরকে বলা হয়েছে জিকা-আক্রান্ত এলাকায় থাকে বা ভ্রমণ করে এমন পুরুষের সাথে যৌনকর্মে লিপ্ত হবার সময়ে কনডম ব্যবহার করতে বা এমন সম্পর্ক থেকে বিরত থাকতে।
২) হন্ডুরাস এবং নিকারাগুয়ায় প্রথম জিকা ভাইরাসের রোগী পাওয়া গেছে
বৃহস্পতিবার হন্ডুরাস এবং নিকারাগুয়ায় জিকা ভাইরাসের প্রথম আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। নিকারাগুয়ায় তিনজন এবং হন্ডুরাসে ছয়জন পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিকারাগুয়ায় ২৯ জন এবং হন্ডুরাসে তিন হাজার দুইশ রোগী পাওয়া গেছে।
৩) জিকা ভাইরাসের সঠিক ব্লাড টেস্ট এখনো পাননি গবেষকেরা
ব্লাড টেস্টের মাধ্যমে বাঘা বাঘা কিছু রোগ শনাক্ত করে ফেলা যায় প্রাথমিক অবস্থাতেই। কিন্তু জিকা ভাইরাস শনাক্ত করার এমন কোনো টেস্ট নেই। সারা বিশ্বের মানুষের নিরাপত্তার খাতিরে এমন এক টেস্ট আবিষ্কার করা দরকার কয়েক মাসের মধ্যেই, কিন্তু গবেষকেরা বলেন তা প্রায় অসম্ভব। মূলত জিকা ভাইরাসের অ্যান্টিবডির সাথে অন্যান্য কিছু ভাইরাসের অ্যান্টিবডির মিল আছে, এ কারণে তার ব্লাড টেস্ট এতো সহজ নয়। আর জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির যেসব উপসর্গ দেখা দেয় তা একেবারেই সাধারণ জ্বর বা ফ্লু-এর মতো।
৪) জিকা-আক্রান্ত অঞ্চলে জন্মনিয়ন্ত্রন এবং গর্ভপাতের সুবিধা আহ্বান করেছে জাতিসংঘ
জাতিসংঘের মুখপাত্র সেসিল পৌলি জানান, জাতিসংঘের কমিশনার ফর হিউম্যান রাইটস এসব এলাকায় গর্ভপাতের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেবার আহ্বান জানিয়েছেন। যেহেতু গর্ভবতী মায়ের থেকে ভ্রুনে এই ভাইরাস সংক্রমিত হয় এবং মাইক্রোসেফালি দেখা যায়, এ কারণে কিছু কিছু দেশে এই সময়ে গর্ভধারণ পিছিয়ে দেবার আহ্বান জানানো হয়েছে। এ দেশগুলোতে আবার গর্ভপাতের বিরুদ্ধে বেশ কড়া আইনও আছে। এ কারণে এখানে জন্ম নিয়ন্ত্রণ থাকা জরুরী।
এই অবস্থার প্রেক্ষিতে আমেরিকায় কিছু সময়ের জন্য নিরাপদ যৌন সম্পর্ক স্থাপনের উপদেশ দেওয়া হয়েছে। এছাড়াও যেসব দেশ ঝুঁকিতে আছে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
REF: priyo.com
doc2p provides you quick and easy access to doctors, healthcare facilities, and informative health blog posts anytime, anywhere.